১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জাদুঘর উদ্বোধন করলেন জুবাইদা রহমান

‘জিরো ওয়েস্ট মিউজিয়ামে’ বর্জ্য কমানো, পুনর্ব্যবহার ও পরিবেশ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি ও উদ্যোগ তুলে ধরা হয়েছে।

সুমন মাহমুদ সুমন মাহমুদ

আনতালিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 01:04 AM

Updated : 13 Nov 2026, 01:04 AM

আনতালিয়ায় তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ‘জিরো ওয়েস্ট মিউজিয়াম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান।

বৃহস্পতিবার দুপুরে তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনের (কপ-৩১) এক অনুষ্ঠানে জাদুঘরটির উদ্বোধন করা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব।

তিনি বলেন, “তুরস্কের ফার্স্ট লেডিকে নিয়ে জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধন করেছেন জুবাইদা রহমান। এ সময় বিশ্বের বিভিন্ন দেশের ফার্স্ট লেডি ও ফার্স্ট স্পাউসরা উপস্থিত ছিলেন।”

উদ্বোধনী অনুষ্ঠানে জিরো ওয়েস্ট মিউজিয়ামে বর্জ্য কমানো, পুনর্ব্যবহার এবং পরিবেশ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি ও উদ্যোগ তুলে ধরা হয়েছে। প্লাস্টিকদূষণ কমানো, ব্যবহৃত সামগ্রীর পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব জীবনযাপনে মানুষকে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের উদ্যোগে ২০১৭ সালে দেশটিতে ‘জিরো ওয়েস্ট’ আন্দোলন শুরু হয়। বর্জ্য উৎপাদন কমানো, পুনর্ব্যবহার বাড়ানো এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের মাধ্যমে টেকসই পরিবেশ নিশ্চিত করাই এ আন্দোলনের উদ্দেশ্য।

কপ-৩১ সম্মেলনে অংশ নিতে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান জুবাইদা রহমান। সফরকালে জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।