১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ডিআরইউ সদস্যদের বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা, সচেতনতামূলক আলোচনা

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং জীবনযাত্রায় পরিবর্তনের ওপর গুরুত্ব দেন বক্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 12:56 AM

Updated : 13 Nov 2026, 12:56 AM

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার সংগঠনের প্রাঙ্গণে স্বাস্থ্য পরীক্ষা ও ডায়াবেটিস বিষয়ে সচেতনতামূলক আলোচনারও আয়োজন করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, ডায়াবেটিসের ঝুঁকি বাড়ার পেছনে অস্বাস্থ্যকর জীবনযাপন, শারীরিক পরিশ্রমের অভাব ও স্থূলতার ভূমিকা রয়েছে।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং জীবনযাত্রায় পরিবর্তনের ওপর গুরুত্ব দেন তারা।

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ২০২৫ সালের ডায়াবেটিস অ্যাটলাসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রায় ৫৮ কোটি ৯০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। বাংলাদেশে এ বয়সসীমার আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ১ কোটি ৩৯ লাখ।

রেনাটা পিএলসির সহযোগিতায় অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্টস অব বাংলাদেশ (এসেডিবি) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি যৌথভাবে এ আয়োজন করে।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসেডিবির সভাপতি অধ্যাপক ডা. ফরিদ উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ, ডা. মাজহারুল ইসলাম সোহেল, ডা. সোহেল খান, ডা. এম এ হালিম খান, ডা. নুরুল আমিন দিপু, ডা. মো. জাহাঙ্গীর আলম, ডা. ফারুক হোসেন, ডা. তাহমিনা ফেরদৌসী, ডা. ফয়সাল আহমেদ ও খায়রুল ইসলাম।

ডিআরইউর সহসভাপতি মেহ্দী আজাদ মাসুম, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মাহফুজ সাদি ও সুমন চৌধুরীসহ সংগঠনের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।