১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাতারবাড়ি সমুদ্রবন্দরের দ্বিতীয় ধাপের কাজ শেষ হবে ২০২৯ সালে: উপদেষ্টা

গভীর ওই সমুদ্রবন্দরে ২০৩০ সাল থেকে বাণিজ্যিকভাবে জাহাজ আসা-যাওয়া করবে বলে জানান তিনি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2024, 11:46 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের দ্বিতীয় ধাপের কাজ ২০২৯ সালের মধ্যে শেষ হওয়ার কথা জানিয়েছেন নৌপরিবহন এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।  

সমুদ্রবন্দরের কাজ পরিদর্শন শেষে সোমবার বিকালে কক্সবাজার শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।  

ইতোমধ্যে প্রথম ধাপের প্রথম অংশের কাজ শেষ হয়েছে জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, “আগামী ২০২৯ সালের মধ্যে দ্বিতীয় ধাপের কাজ শেষ হবে। ২০৩০ সাল থেকে বাণিজ্যিকভাবে জাহাজ মাদার ভেসেল আসা-যাওয়া হবে।” 

“এখন চট্টগ্রাম বন্দরে সরাসরি যেতে না পারলেও মাতারবাড়িতে সরাসরি মাদার ভেসেল আসবে। এর জন্য দুটি লম্বা টার্মিনাল তৈরি করা হচ্ছে। একত্রে চারটি মাদার ভেসেল এখানে ডিসচার্জ করতে পারবে,” বলেন তিনি।  

এর আগে বেলা ১১টায় মাতারবাড়িতে কোল পাওয়ারের প্রশাসনিক সম্মেলন কক্ষে জাইকার প্রতিনিধি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, সড়ক ও সওজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভায় অংশ নেন উপদেষ্টা।  

সভায় মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের উন্নয়নকাজ ও পরিকল্পনা সম্পর্কে ভিডিও প্রজেক্টের মাধ্যমে প্রতিবেদন দেখে যথাসময়ে কাজ শেষ করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি নির্দেশনা দেন।  

পরে নৌবাহিনীর বোটের মাধ্যমে তাপ বিদ্যুৎ প্রকল্প, এসপিএম প্রকল্প, মাতারবাডড়ি চ্যানেল ও ব্রেক ওয়াটার প্রকল্প পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা। 

এর আগে রোববার বিকালে কক্সবাজার শহরে নির্মিতব্য লাইট হাউজ প্রকল্প পরিদর্শন করেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।