১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

অতিরিক্ত ভাড়া আদায়, গোপালগঞ্জে ৫ পরিবহনকে জরিমানা

পাঁচটি পরিবহনকে পাঁচ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অতিরিক্ত ভাড়া আদায়, গোপালগঞ্জে ৫ পরিবহনকে জরিমানা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2025, 04:35 PM

Updated : 26 Aug 2026, 01:11 PM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলায় ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পাঁচটি পরিবহনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনালে অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী হাকিম ও টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীর।

এ সময় টুঙ্গিপাড়া সেনা ক্যাম্পের মেজর মোহাম্মদ ইমরান এবং টুঙ্গিপাড়া থানার এসআই মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

এর আগে বিভিন্ন পরিবহনে অতিরিক্ত ভাড়া বাবদ আদায় করা প্রায় ১৫ হাজার টাকা বাস কাউন্টার থেকে উদ্ধার করে যাত্রীদের ফেরত দেয় সেনাবাহিনী।

সহকারী কমিশনার মারুফ দস্তেগীর বলেন, ঈদের ছুটি শেষে ঢাকামুখী বাসে টুঙ্গিপাড়ার বাস কাউন্টারে যাত্রী প্রতি ৫০০ টাকা ভাড়ার স্থলে ৬০০ থেকে ৯০০ টাকা আদায় করা হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৌর বাস টার্মিনালে অভিযান চালানো হয়। 

অভিযানে ঘটনার সত্যতা পেলে বিআরটিসি, কমফোর্ট লাইন, সেবা গ্রিনলাইন, রয়েল ও ওয়েলকাম এক্সপ্রেসকে পাঁচ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি। 

তিনি বলেন, অভিযানের সময় যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া বাস কাউন্টার থেকে উদ্ধার করে যাত্রীদের ফেরত দেন সেনাবাহিনীর সদস্যরা। 

ফিরতি পথে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।