১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

খুলনায় মসজিদের বারান্দা থেকে দিনমজুরের গলাকাটা লাশ উদ্ধার

নিহতের মাথায় ইটের আঘাতের চিহ্নও পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ইটও জব্দ করা হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2026, 05:03 PM

Updated : 26 Aug 2026, 03:40 PM

খুলনার হরিণটানা থানার মহাসড়কের পাশের একটি মসজিদের বারান্দা থেকে এক দিনমজুরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে কৈয়াবাজার এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে জয়খালী উত্তরপাড়া বাইতুল মা’মুর জামে মসজিদের বারান্দায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয় বলে জানিয়েছেন হরিণটানা থানার ওসি মো. হেলাল উদ্দিন। 

নিহত ব্যক্তির নাম ডালিম গাজী (৪৫)। তিনি কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার বাসিন্দা।

ওসি হেলাল বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডালিম গাজীর লাশ উদ্ধার করে। তার গলা কাটা ছিল এবং মাথায় ইটের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ইটও জব্দ করা হয়েছে।

ওসি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল আলামত সংগ্রহ করেছে। 

ওসি হেলাল আরও বলেন, ডালিম গাজী একজন দিনমজুরে বলে জানা গেছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।