Published : 22 Jun 2026, 07:32 PM
বগুড়ার আদমদীঘি উপজেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে; যার কাছে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর একটি ব্যানার পাওয়া গেছে বলে ভাষ্য পুলিশের।
সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া।
রোববার রাতে উপজেলার তালশন কালীবাড়ী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
কারাগারে যাওয়া সাকিব আল হাসান (২৯) আদমদীঘি উপজেলা ছাত্রলীগের সভাপতি। তিনি তালশন গ্রামের ওছমান আলী খন্দকারের ছেলে।
সাকিব ২০২৪ সালের ৪ অগাস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলার আসামি।
পুলিশ জানিয়েছে, ২৩ জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে তালসন গ্রামের কালিবাড়ি মোড়ে একটি চায়ের দোকানের পেছনে রোববার সন্ধ্যায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা সাকিব ৩৫ জন নেতাকর্মী নিয়ে সমবেত হন।
এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে নাশকতা, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, যানবাহন ভাঙচুর, সরকারি স্থাপনা ক্ষতিসাধন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনা করছিল তারা। খবর পেয়ে রাত ৮টার দিকে অভিযান চালায় পুলিশ। এ সময় অন্যরা পালিয়ে গেলেও সাকিবকে গ্রেপ্তার করা হয়।
ওসি কামরুজ্জামান মিয়া বলেন, সাকিবের কাছ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৫ ফুট বাই তিন ফুট আকারের একটি ব্যানার পাওয়া গেছে। তার বিরুদ্ধে আগের একটি নাশকতা মামলা থাকলেও নতুন ঘটনায় আরেকটি মামলা হয়েছে।