২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক

সৌদি আরব থেকে ফিরে তিনি চুপচাপ থাকতেন; কারণ জানতে চাইলে কোনো উত্তর দিতেন না।

কুমিল্লায় মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক

স্থানীয়রা ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2022, 07:29 PM

Updated : 10 Dec 2022, 07:29 PM

কুমিল্লার লালমাই উপজেলায় সদ্য প্রবাস ফেরত এক যুবকের মারপিটে তার মায়ের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার বেলা ৩টার দিকে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের কনকশ্রী গ্রামে এ ঘটনা ঘটে বলে লালমাই থানার ওসি মোহাম্মদ আইয়ূব জানান।

প্রবাস ফেরত নূরে আলম ওরফে সবুজ (৩২) ওই গ্রামের রাজা মিয়ার ছেলে।

এ ঘটনার আগে সবুজ তার মামা-মামি, ভাইসহ পরিবারের চার সদস্যকে পিটিয়ে গুরুতর আহত করেন বলে স্বজনরা জানান।

পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এদিন সন্ধ্যায় পুলিশ নিহত নূরজাহান বেগমের (৫০) মরদেহ উদ্ধার করে বলে জানান ওসি মোহাম্মদ আইয়ূব।

নিহতের ছোট ছেলে আসাদ উল্লা জানান, গত সোমবার তার ভাই সৌদি আরব থেকে দেশে আসেন। এরপর থেকে তিনি চুপচাপ থাকতেন। চুপচাপ থাকার কারণ জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতেন না।

আসাদ উল্লা বলেন, “শনিবার দুপুর ১টার দিকে একটি কাঠের টুকরো হাতে নিয়ে আমাদের পাশের গ্রামে নানার বাড়ি যান সবুজ ভাই। এরপর কোনো কিছু বুঝে উঠার আগেই কাঠের সেই টুকরো দিয়ে পিটিয়ে আমাদের মামা-মামি ও আট বছর বয়সী মামাতো বোনকে পিটিয়ে আহত করেন। তাদের ঘরের জানালার কাচ ভাঙচুর করেন।

আসাদ আরও বলেন, “এ সময় আমি পাশের বাড়িতে ছিলাম। চিৎকার শুনে ছুটে এসে সবুজ ভাইকে শান্ত করার চেষ্টা করলে তিনি আমাকেও পিটিয়ে আহত করেন। এক পর্যায়ে তিনি বাড়ি গিয়ে শাবল হাতে নিয়ে ফের বের হন। এ অবস্থা দেখে মা পেছন পেছন এসে সবুজ ভাইকে ঘরে ফিরে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি শাবল দিয়েই মাকে পেটাতে থাকেন। শাবলের আঘাতে মাথা ফেটে ঘটনাস্থলেই মা মারা যান।”

স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, “সবুজ তার মাকে হত্যা করে পালিয়ে যেতে চেয়েছিল। তখন গ্রামের মানুষ তাকে আটক করে আমাকে জানায়। আমি পুলিশে খবর দিই। তারা এসে লাশ উদ্ধারসহ সবুজকে আটক করে থানায় নিয়ে যায়।”

শনিবার সন্ধ্যায় ওসি মোহাম্মদ আইয়ূব বলেন, “সবুজ পুলিশের হেফাজতে আছেন। রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

“এ ঘটনায় নিহতের পরিবারের কেউ এখনও থানায় মামলা করেনি। আমরা হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ জানার চেষ্টা করছি।”