২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় শিক্ষক দম্পতিকে পেটানোর অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

শিক্ষক দম্পতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নওগাঁয় শিক্ষক দম্পতিকে পেটানোর অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2022, 12:34 AM

Updated : 17 Nov 2022, 12:34 AM

নওগাঁর মান্দায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বানডুবি এলাকায় এ ঘটনা ঘটে বলে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ জানান।

স্থানীয় পলাশ কুমার সরকার জানান, উপজেলার মদনচক গ্রামের মিরাজ উদ্দিন মণ্ডল নামের এক ব্যক্তির সঙ্গে পূর্ব বিরোধ ছিল ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফার। এর জেরে বুধবার সকালে বানডুবি বাজারে মিরাজ উদ্দিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিলেন গোলাম মোস্তফা। এ সময় সেখানে উপস্থিত আলমগীর হোসেন নামের এক যুবক এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে গোলাম মোস্তফা প্রতিবাদী যুবককে মারধর করেন।

এ ঘটনায় বাজারের লোকজন একজোট হয়ে চেয়ারম্যানকে গণপিটুনি দেন। এতে তিনি (গোলাম মোস্তফা) এবং শ্যামল চন্দ্র প্রামাণিক নামে স্থানীয় বাসিন্দা আহত হন।

পরে চেয়ারম্যান মোবাইল ফোনে গ্রামপুলিশ, ইউপি সদস্য ও তার লোকজনকে ডেকে নেন।

এ সময় কর্মস্থলে যাওয়ার পথে মিরাজ উদ্দিন মণ্ডলের ছেলে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (৩০) এবং তার স্ত্রীর (২৫) পথরোধ করে মারধর করেন চেয়ারম্যানসহ তার লোকজন।

আহত শিক্ষক দম্পতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

থানায় অভিযোগ না দিলেও বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায় ওই শিক্ষক দম্পতি।

এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, “ব্যক্তিগত কাজে বানডুবি বাজারে গেলে মিরাজ উদ্দিন ও তার লোকজন আমাকে মারধর করেন। পরে আমিও পাল্টা জবাব দিই।”

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “বিষয়টি জানতে পেরে উভয় পক্ষকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”