Published : 17 Oct 2025, 09:56 PM
সুনামগঞ্জের যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটপাটকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার বিকালে তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীতীরের গ্রাম লাউড়েগড় এলাকাবাসী এই কর্মসূচি পালন করেন।
এ সময় তারা বালু উত্তোলনের প্রতিবাদ করায় যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেসব মামলা প্রত্যাহার এবং নদীর বালুমহালের ইজারা বাতিলের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন মো. শাহজাহান মিয়া, গোলাম মোস্তফা মেম্বার, আবু বকর সিদ্দিক, আব্দুল মান্নান, মরম আলী, জাহাঙ্গীর আলম।
বক্তারা অভিযোগ করেন, ইজারাদার নাসির ও শাহ রুবেল আইন ভঙ্গ করে, সীমানা না মেনে বালু আহরণ করছে। তারা রাতের আঁধারে পাড় কেটে এলাকাকে ঝুঁকির মুখে ফেলে দিছে।
তারা বলেন, প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো প্রতিবাদকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে।
মানববন্ধন শেষে হাজারো জনতা বিক্ষোভ মিছিল করে।