ঝিনাইদহে ১২’শ বোতল ফেন্সিডিল উদ্ধার, পুলিশসহ আটক ৩
র্যাব জানায়, একটি প্রাইভেটকারে তল্লাশি করে ১২০১ বোতল ফেন্সিডিলসহ ওই তিনজনকে আটক করা হয়।
ঝিনাইদহ সদর উপজেলায় পুলিশের এক এসআইসহ তিনজনকে ফেন্সিডিলসহ আটক করেছে র্যাব।
উপজেলার হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে সোমবার রাত দেড়টার দিকে তাদের আটক করা হয় বলে র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম হোসেন জানান।
আটকরা হলো-ঝিনাইদহ সদর থানার এসআই সাজ্জাদুর রহমান, মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের সিদ্দিক সর্দারের ছেলে সোহের আলী ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দোয়ারপাড়া গ্রামের ফিরোজ আলীর ছেলে ফারুক হোসেন।
মেজর নাঈম বলেন, “হাটগোপালপুর এলাকা দিয়ে মাদক পাচারের গোপন খবরে সেখানে অভিযান চালায় র্যাব। এ সময় হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি প্রাইভেটকারে তল্লাশি করে ১২০১ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে আটক করা হয়।
এ ঘটনায় মামলা দায়ের করে আসামিদের ঝিনাইদহ সদর থানায় পাঠানো হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
ঝিনাইদহ সদর থানার ওসি মো. শাহীন উদ্দিন বলেন, আসামিদের আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
