Published : 27 Oct 2024, 07:37 PM
চাঁদপুরে পদ্মা ডিপোতে তেল আনলোডের প্রস্তুতির সময় একটি তেলের ট্যাংকারে অগ্নিকাণ্ড হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন।
রোববার বিকালে শহরের ৫ নম্বর কয়লাঘাট এলাকায় ডাকাতিয়া নদীতে ‘সাদিয়া এন্টারপ্রাইজ’ নামের একটি ওয়েল ট্যাংকারে এ ঘটনা ঘটে বলে চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ জানান।
দগ্ধদের মধ্যে তিনজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-ট্যাংকারের কর্মী গোলাম (৫০), মধু মিয়া (৫৫) ও জিলানি (৩০)।
তাদের মধ্যে গোলামকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে ফায়ার সার্ভস জানিয়েছে।

মধু মিয়া বলেন, “গত শুক্রবার চট্টগ্রাম থেকে আমরা চাঁদপুর পদ্মা ডিপোতে আসছি। পুরো ট্যাংকারে পেট্রোল ও ডিজেল নিয়ে আসা হয়। ইঞ্জিন রুমে গ্যাসে হঠাৎ জেনারেটর বিস্ফোরণ হয়।”
তখন আগুন ছড়িয়ে পড়লে তারা নদীতে ঝাঁপিয়ে পড়েন বলে জানান জিলানি।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আকলিমা জাহান বলেন, আগুনে আহত গোলাম নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তার শরীরের ৫০ থেকে ৬০ ভাগ পুড়ে গেছে।

বাকি পাঁচজনের শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় তাদের হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান এ চিকিৎসক।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মোরশেদ জানান, তেলের ট্যাংকারের ইঞ্জিন রুমে জেনারেটর বিস্ফোরণে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
তিনি বলেন, “প্রায় এক ঘণ্টা ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই আমরা। তবে ট্যাংকারে থাকা ছয়জন কর্মচারী গুরুতর আহত হয়েছেন।”