২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

‘নবীকে কটূক্তি’: রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তাকে গণপিটু‌নি

অন্য দুটি ছবিতে তাকে গাছে বেঁধে রাখা এবং গলায় জুতার মালা পরা অবস্থায় দেখা গেছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2025, 05:31 PM

Updated : 26 Aug 2026, 01:12 PM

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মহানবী হযরত মুহাম্মদকে (স.) নিয়ে অবমাননাকর কথা বলার অভিযোগ এনে এক ব্যক্তিকে গণপিটুনির অভিযোগ পাওয়া গেছে।  

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে ব‌লে বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দিন জানান।

পিটুনির শিকার আহম্মদ আলী একই ইউনিয়নের তেকাটি গ্রামের বা‌সিন্দা এবং ইউনিয়ন উপ-স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত কমিউনিটি মেডিকেল অফিসার।

ওসি জামাল উদ্দিন ব‌লেন, “আহম্মদ আলী সকালে বেরুলী বাজারে চায়ের দোকানে মহানবী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন বলে স্থানীয়রা অভিযোগ করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা দুপু‌রে তাকে আটক করে গণপিটুনি দেয়। 

“খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত ক‌রে। সেই সঙ্গে ওই ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে।”

এ ঘটনার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। যেখানে আহম্মদ আলীকে বেশ কিছু মানুষ ঘিরে রেখেছে, তাকে রক্তাক্ত অবস্থায় একটি ঘরের মেঝেতে বসে থাকতে দেখা গেছে। 

অন্য দুটি ছবিতে তাকে গাছে বেঁধে রাখা এবং গলায় জুতার মালা পরা অবস্থায় দেখা গেছে।