২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে নদীতে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

আনিসা তার এক বান্ধবীকে নিয়ে কাজলী নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়।

মুন্সীগঞ্জে নদীতে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2023, 07:22 PM

Updated : 26 Aug 2023, 07:22 PM

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কাজলী নদীতে গোসলে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার উপজেলার হোসেন্দী ইউনিয়নের নতুন চরঘাট সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে বলে গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী জানান।

নিহত ১০ বছর বয়সি আনিসা আক্তার ওই এলাকার আমির হোসেন মোল্লার মেয়ে। সে স্থানীয় হোসেন্দী দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

হোসেন্দী ইউনিয়ন পরিষদের সদস্য মহিউদ্দিন মোল্লা বলেন, বেলা সাড়ে ১২টার দিকে আনিসা তার এক বান্ধবীকে নিয়ে কাজলী নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়।

অন্য শিশুর মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন প্রায় একঘণ্টা নদীতে তল্লাশির পর আনিসার মরদেহ উদ্ধার করে বলে তিনি জানান।

ওসি মোল্লা সোহেব বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।