২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ব্যবসায়ী

মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক পালিয়ে যান, বলছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2025, 11:41 AM

Updated : 26 Aug 2026, 02:32 PM

নোয়াখালীতে একটি ট্রাকের পেছনে ধাক্কার পর মাইক্রোবাসের এক যাত্রীর প্রাণ গেছে। তিনি ওমরাহ পালন করে বাড়ি ফিরছিলেন।

রোববার ভোর রাতের দিকে শহরের মাইজদী বাজার এলাকার টিভি সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহতের পরিবারের আরও তিন সদস্য আহত হয়েছেন বলে সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম জানিয়েছেন।

নিহত ৫৩ বছর বয়সী আবুল কালাম আজাদ নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চরদরবেশ গ্রামের নুরুল হক ছোট মিয়ার ছেলে। তিনি স্থানীয় উত্তর ওয়াপদা বাজারের ব্যবসায়ী ছিলেন।  

পুলিশ ও স্থানীয়রা বলছে, সৌদি আরবের মক্কায় ওমরাহ পালন শেষে শনিবার রাতে দেশে ফেরেন আজাদ। পরে ঢাকার বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাসে করে স্ত্রী নাসিমা আক্তার, মা ও ভাতিজা লিমনসহ গ্রামের বাড়ি ফিরছিলেন।

পথে মাইজদী-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পরপরই মাইক্রোবাসের চালক পালিয়ে যান।

তারা বলছে, রাতে কেউ দুর্ঘটনাটি টের পায়নি। সকালে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আজাদকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ওসি কামরুল ইসলাম বলেন, মাইক্রোবাসের যাত্রীরা বাড়ির কাছাকাছি এসে এ দুর্ঘটনায় পড়েন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।