নোয়াখালীতে পানি নামছে ধীর গতিতে, পানিবন্দি ২ লাখ মানুষ
এখনো কিছু এলাকায় ফেনী থেকে বন্যার পানি প্রবেশের খবর পাওয়া গেছে।
টানা চার দিনের বৃষ্টির পর নোয়াখালীতে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। এতে জেলা শহরে জলাবদ্ধতা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও পুরোপুরি পানি নেমে যেতে আরও কয়েকদিন সময় লাগবে।
তবে উপজেলা পর্যায়ে কিছু এলাকায় ফেনী থেকে বন্যার পানি প্রবেশের খবর পাওয়া গেছে। এতে এসব এলাকায় জনদুর্ভোগ বেড়েই চলছে।
নোয়াখালী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, নোয়াখালীতে ৪৬ হাজার ৭০টি পরিবারের এক লাখ ৯২ হাজার ৫০৩ মানুষ পানিবন্দি রয়েছে। এর মধ্যে কবিরহাট ও সুবর্ণচর উপজেলার ৪৫টি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
৪৭টি আশ্রয়কেন্দ্রে এক হাজার ৮৫০ জন মানুষ এবং ১৭১টি গবাদি পশু আশ্রয় নিয়েছে। দুর্গতদের চিকিৎসায় ৫১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এর মধ্যে ২৯টি কাজ শুরু করেছে।
নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, পানি নিষ্কাশনে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। বৃষ্টি না হলে জলাবদ্ধতা পরিস্থিতির দ্রুত উন্নতি হবে।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে তেমন কোনো বৃষ্টিপাত হয়নি। আপাতত ভারি বৃষ্টির সম্ভাবনা নেই। তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
