২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে জলাবদ্ধতায় জনদুর্ভোগ

বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2025, 08:47 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

নোয়াখালীতে জলাবদ্ধতা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 

অতি ভারি বৃষ্টি অব্যাহত থাকায় জেলা শহর মাইজদীতে প্রধান সড়ক ছাড়া অধিকাংশ সড়কই ডুবে গেছে। পানি ঢুকে পড়েছে অনেক বাসাবাড়িতে। 

জেলা আবহাওয়া কার্যালেয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মাইজদী কোর্ট নোয়াখালী কার্যালয়ে রেকর্ডকৃত বৃষ্টিপাতের পরিমাণ ৬৫ মিলিমিটার। 

এদিকে মাইজদী হাউজিং এস্টেট, নতুন হাউজিং, মাস্টারপাড়া, খন্দকার পাড়া, ল ইয়ার্স কলোনি, মধুপুর, লক্ষী নরায়ণপুরসহ বিভিন্ন আবাসিক এলাকার মানুষ গত তিন দিন থেকে পানিবন্দি হয়ে আছে।

জলমগ্ন হয়ে রয়েছে শহরের বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান। উদ্ভূত পরিস্থিতিতে মাধ্যমিক বিদ্যালয়ে বুধ ও বৃহস্পতিবারের অর্ধবার্ষিক পরীক্ষা ও শ্রেণি কার্যক্রম স্থগিত করা হয়েছে। 

এ ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়েছে। 

জলাবদ্ধতা পরিস্থিতির অবনতি হওয়ায় দুর্ভোগ বেড়েছে মানুষের। দোকানপাটে পানি উঠে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। কর্মহীন হয়ে পড়েছেন রিকশা, অটোরিকশা চাকলকসহ দিনমজুররা।

শহরের নাজুক ড্রেনেজ ব্যবস্থা ও খালগুলো দখল দূষণের কারণে পানি নামতে না পরায় এমন দুর্ভোগ বলে জানান স্থানীয় বাসিন্দারা।