২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটোরিকশা ছিনিয়ে চালককে হত্যা: মুন্সীগঞ্জে ৪ জনের প্রাণদণ্ড

এ মামলায় চোরাই অটোরিকশা ক্রেতা কাজল শেখকে তিন মাসের কারদণ্ড দিয়েছে আদালত।

অটোরিকশা ছিনিয়ে চালককে হত্যা: মুন্সীগঞ্জে ৪ জনের প্রাণদণ্ড

নিহত অটোরিকশা চালক আশরাফ।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2024, 03:06 PM

Updated : 24 Jan 2024, 03:16 PM

চার বছর আগে এক অটোরিকশা চালককে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে মুন্সীগঞ্জের একটি আদালত।

বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক ইয়াসমিন আক্তার ওর্মি এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম পল্টু জানান।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রাজেন, হাসান শেখ, রুবেল ও আকরাম মোল্লা। সাজার পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক।

রায় ঘোষণার সময় রাজেন, হাসান ও রুবেল আদালতে কাঠগড়ায় উপস্থিত ছিলেন; আর আকরাম উচ্চ আদালত থেকে জামিনে পলাতক রয়েছেন।

মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল জানান, ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় মুন্সীগঞ্জের শ্রীনগরের বাঘরা এলাকা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা যাত্রী হয়ে আশরাফ ইসলামের অটোরিকশায় ওঠে। পরে লৌহজংযের গোয়ালী মান্দ্রার নির্জন এলাকায় নিয়ে তাকে গলা কেটে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায় তারা। মৃত্যুর আগে মাটিতে হত্যাকারীদের নাম লিখে রাখেন আশরাফ।

পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশরাফ। এ ঘটনায় তার বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে লৌহজং থানায় হত্যা মামলা করেন।

এ মামলায় চোরাই অটোরিকশা ক্রেতা কাজল শেখকে তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক।

আর আসামি এমরান হোসেন, তোফাজ্জল, আমির ব্যাপারী, সবুজ শেখ ও আবু কালামের অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের বিচারক তাদের বেকসুর খালাস দিয়েছেন বলে জানান সিরাজুল।