২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাকসামে হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

২১ জুন রাতে লাকসাম শহরের দক্ষিণ বাইপাস এলাকায় হামলায় অনিকসহ তিনজন আহত হন।

লাকসামে হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

ইফতেখার অনিক

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2023, 11:58 PM

Updated : 28 Jun 2023, 11:58 PM

কুমিল্লার লাকসামে এক সপ্তাহ আগে হামলায় আহত এক ছাত্রলীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।   

লাকসাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইউনূছ ভূঁঞা জানান, ঢাকার এভারকেয়ার হাসপাতালে বুধবার রাত সোয়া ৮টার দিকে মারা যান এই ছাত্রনেতা। 

মারা যাওয়া ইফতেখার অনিক লাকসাম পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। 

ইউনূছ ভূঁঞা জানান, গত ২১ জুন রাতে লাকসাম পৌরশহরের দক্ষিণ বাইপাস এলাকায় ইফতেখার অনিক, পৌরসভা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম সৌরভ এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীর হোসেনের ওপর হামলা হয়। 

“হামলাকারীরা তাদের বুকে ও পাঁজরে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে প্রচুর রক্তক্ষরণ হলে তাদের প্রথমে লাকসাম এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।”  

তিনি আরও জানান, ইফতেখার অনিকের অবস্থার অবনতি হলে ওইদিন রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

আহত ফেরদৌস আলম সৌরভ ও আলমগীর হোসেন কুমিল্লা মেডিকেলে আইসিইউতে চিকিৎসাধীন আছেন বলে তিনি জানান।