২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে নওগাঁয় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

শুক্রবার এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক শূন্য ৫ ডিগ্রি সেলসিয়াস।

প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে নওগাঁয় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

মৃত শাহাদাত হোসেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2024, 08:41 PM

Updated : 27 Apr 2024, 09:09 PM

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। তবে স্বজনদের দাবি তিনি হিট স্ট্রেকে মারা গেছেন।

এক দিন আগে অসুস্থ ওই শিক্ষককে শনিবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে জানান নিয়ামতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম।

শুক্রবার বিকালে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রাজাপুর দরগাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান তিনি।

মৃত শাহাদাত হোসেন (৪২) ওই গ্রামের প্রয়াত বজরুক আলীর ছেলে। তিনি বালাতৈড় দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।

স্বজনরা জানান, শিক্ষকতার পাশাপাশি শাহাদাত হোসেন রাজাপুর দরগাপাড়া গ্রামের জামে মসজিদের পেশ ইমাম ছিলেন। শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে অসুস্থ হন তিনি। পরে তাকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। শনিবার বিকালে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব উল আলম বলেন, “প্রাথমিক অবস্থায় শাহাদাত হোসেনের স্ট্রোকের লক্ষণ পাওয়া যায়। তার ডায়াবেটিসের মাত্রা বেশি ছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।”

শুক্রবার বেলা ৩টায় নওগাঁয় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক শূন্য ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।