কাপ্তাই হ্রদে ডুবে প্রবাসী পর্যটকের মৃত্যু
‘বাবা ও ভাইসহ দুবাই থাকতেন তিনি। কয়েক মাস আগে দেশে আসেন। কিছুদিন পর ফিরে যাওয়ার কথা ছিল।’
রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে দুবাই প্রবাসী এক পর্যটকের মৃত্যু হয়েছে।
নিখোঁজের চার ঘণ্টা পর রুবায়েত রশিদ (২৬) নামে এই ব্যক্তির লাশ উদ্ধার করা হয় বলে রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. বিল্লাল হোসেন জানান।
রশিদের বাড়ি চট্টগ্রামের কাট্টলী এলাকায়।
রশিদের বন্ধু মো. সাজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা পাঁচ বন্ধু শুক্রবার চট্টগ্রাম থেকে রাঙামাটি বেড়াতে আসেন। শনিবার বেলা ১টার দিকে তারা পর্যটন নৌঘাট থেকে নৌকা নিয়ে বের হন।
“দারোগা পাহাড় এলাকায় পরিবেশটা ভাল লাগায় সেখানে কিছুক্ষণ বসে সময় কাটাই। রশিদ পানিতে নামতে চাইলে আমরা নিষেধ করি। নৌকার চালকসহ সবাই নিষেধ করার পরও রশিদ নেমে পড়ে। রশিদ সাঁতার কাটছিল, কিন্তু হঠাৎ ডুবে যায়।”
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা গিয়ে চার ঘণ্টা চেষ্টায় লাশ উদ্ধার করে।
সাজিদ বলেন, “রশিদের বাবা ও বড় ভাই দুবাই থাকেন। রশিদও দুবাই থাকত। কয়েক মাস আগে দেশে আসে। কিছুদিন পর তার ফিরে যাওয়ার কথা ছিল।”
পর্যটন ঘাট ইজারাদার মো. রমজান আলী জানান, বেলা ৩টার দিকে নৌকার চালক পর্যটক নিখোঁজের খবর দেন। তখন প্রশাসনকে জানানো হয়। পরে ডুবুরিরা গিয়ে লাশ উদ্ধার করেন।
পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার এসআই আশরাফ হোসেন।
