২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরার জামায়াত নেতা ‘আফগান জিয়া’ ঢাকায় গ্রেপ্তার

ওসি বলেন, জিয়া সৌদি আরব থেকে আফগানিস্থানে চলে যান এবং সেখানে তালেবান জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন এবং প্রশিক্ষণ নেন।

সাতক্ষীরার জামায়াত নেতা ‘আফগান জিয়া’ ঢাকায় গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটার জামায়াত নেতা জিয়াউর রহমান।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2023, 12:50 AM

Updated : 30 Aug 2023, 12:50 AM

সাতক্ষীরার দেবহাটা উপজেলার জামায়াতে ইসলামীর নেতা ও ২০ মামলার আসামি জিয়াউর রহমানকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার দুপুরে রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দেবহাটা থানার ওসি বাবুল আক্তার জানান। 

মঙ্গলবার দুপুরে তিনি বলেন, এরই মধ্যে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

জিয়াউর রহমান (৪০) উপজেলার সখীপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ছিলেন। তিনি সখিপুর ইউনিয়নের নারিকেলি গ্রামের বাসিন্দা। 

আফগানিস্তান ফেরত এই যুবকের বিরুদ্ধে ২০১৩ সালে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান ও আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ হত্যা, অগ্নিসংযো-নাশকতাসহ বিভিন্ন অপরাধে অন্তত ২০টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। 

মামলার নথি ও গোয়েন্দা প্রতিবেদনের বরাতে ওসি বাবুল সাংবাদিকদের বলেন, সখীপুর মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করে কিশোর বয়সেই বড় ভাই জাহাঙ্গীরের সঙ্গে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন জিয়াউর। পরে সেখান থেকে তিনি আফগানিস্থানে চলে যান এবং সেখানে তালেবান জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন এবং প্রশিক্ষণ নেন। এ কারণে তিনি ‘আফগান জিয়া’ নামেও পরিচিত।   

দেশে ফিরে জিয়াউর পারুলিয়াতে বড় ভাইয়ের হার্ডওয়ারের ব্যবসা দেখাশোনা করতেন। এ সময় কিছুদিন তিনি বিএনপির রাজনীতি করেন; পরে জামায়াতে ইসলামীতে যোগ দেন। 

ওসি বলেন, “২০১০ সালে প্রথম গ্রেপ্তার হলে জিয়ার জঙ্গি সম্পৃক্ততার বিষয়টি প্রকাশ্যে আসে। সে সময় জিয়ার জঙ্গি কার্যক্রমের বিষয়ে সংবাদ সম্মেলন করে সংবাদমাধ্যমকে জানান তৎকালীন পুলিশ সুপার মনির-উজ-জামান। কিছুদিন পরে জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও জামায়াতের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। 

“২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়কে ঘিরে দেবহাটাসহ সাতক্ষীরায় যে নাশকতা চালানো হয় তার অনেকগুলোতে নেতৃত্ব দিয়েছেন এই জিয়া। এরপর তাকে ধরতে অভিযান শুরু হলে তিনি আত্মগোপন করেন। 

ওসি বলেন, পুলিশ দীর্ঘদিন ধরেই তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিল। সম্প্রতি তিনি আবার নাশকতার ছক কষছিলেন। এর মধ্যেই তথ্য-প্রযুক্তির সহায়তা নিয়ে সোমবার তাকে গ্রেপ্তার করা হয়।