০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জ সদর থানায় আগুন, পুড়ল ওসির কক্ষের আসবাবপত্র

ওসির কক্ষের টেলিভিশনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2026, 11:01 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

মানিকগঞ্জ সদর থানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওসির কক্ষে থাকা টেলিভিশন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র-এসি ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান মানিকগঞ্জ সদর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আদম আলী।

তিনি বলেন, সদর থানার ওসি মনির হোসেনের কক্ষে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা হবে।

অফিস কক্ষের টেলিভিশনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

মানিকগঞ্জ সদর থানার ওসি মনির হোসেন বলেন, অফিস কক্ষ থেকে বের হওয়ার কিছুক্ষণ পর আগুন লাগার খবর তাকে জানানো হয়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখেন, তার কক্ষের টেলিভিশন, এসি ও বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। 

তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলেন জানান ওসি।