সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত অন্তত ৩০
পাঁচ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান জানিয়েছেন।
আহতদের মধ্যে পাঁচ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
বেলা ১টার দিকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামল কুমার বলেন, আহতদের মধ্যে নারী-পুরুষ ও শিশুসহ বেশ কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আশঙ্কাজনক অবস্থায় রাশেদুল ইসলাম রাসু (৪৫), আলমাছ উদ্দিন (৫০), শফিকুল ইসলাম (৪০), দেলবর হোসেন (৫০) ও লজরুল ইসলামকে (৪৫) ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, নিমগাছি সমাজ ভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের আওতায় সরাপপুরে প্রায় ৮ বিঘা আয়তনের মঙ্গলা পুকুরের সুফলভোগী সদস্যদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। উভয়পক্ষই পুকুরে মাছ ছাড়ার দাবি জানাচ্ছিল।
এর মধ্যে রাশেদুল ইসলাম রাসুর নেতৃত্বে একদল লোক পুকুরে মাছ ধরতে যায়। তখন প্রতিপক্ষ নজরুল ইসলাম লোকজন নিয়ে তাকে বাধা দেয়।
এ অবস্থায় দুপক্ষই ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ৩০জন আহত হয়।
ওসি জিয়াউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মামলা হলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
