শেরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের দুই নেতা কারাগারে
বিএনপি নেতা সুলতান আহমেদ বলেন, “এই দুজন দীর্ঘদিন ধরে দলের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদা তুলছিলেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছিল।”
চাঁদাবাজির অভিযোগে শেরপুর সদর উপজেলায় ছাত্রদলের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
তারা হলেন- উপজেলার বড় ঝাউয়েরচর এলাকার বাসিন্দা ও লছমনপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সবুজ আহমেদ (৩৫) এবং কৃষ্ণপুর দড়িপাড়া এলাকার বাসিন্দা ও একই ইউনিয়নের ছাত্রদলের বর্তমান সভাপতি আল আমিন ইসলাম (২৬)।
শেরপুর থানার এসআই নজরুল ইসলাম বলেন, বুধবার মধ্যরাতের দিকে বিএনপি ও স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশে দেয়। বৃহস্পতিবার ভোরে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
লছমনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহিলা দলের নেত্রী আলেয়া বেগমের করা মামলায় বলা হয়েছে, দুপুরে চাঁদার দাবিতে ইউনিয়ন পরিষদে ঢুকে চেয়ারম্যানকে লাঞ্ছিত করার চেষ্টা করেন সবুজ ও আল আমিন। একপর্যায়ে তারা মোটরসাইকেল ভাঙচুর করে ইউপি সচিবসহ কর্মচারীদের বের করে দেন। পরে ইউনিয়ন পরিষদ ভবনে তালা লাগিয়ে দেন। তখন বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়।
মামলায় সবুজ, আল আমিন ছাড়াও ছায়েদুর রহমান (৩২), নূর শাহ আলম (৩৮), নূর নবী ইসলামের (২৫) নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ছয় থেকে সাতজনকে আসামি করা হয়েছে।
শেরপুর সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শারদুল ইসলাম ও সদস্যসচিব সুমন আহমেদ সাংবাদিকদের বলেন, ১৭ জুলাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আল আমিন ইসলামকে ওই ইউনিয়ন শাখার সভাপতির পদ সাময়িকভাবে স্থগিত করা হয়। এ ছাড়া এ ঘটনার পর প্রাথমিক সদস্যপদসহ সবুজ ও আল আমিনকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
লছমনপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সুলতান আহমেদ বলেন, “এই দুজন দীর্ঘদিন ধরে দলের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদা তুলছিলেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছিল। তাই বাধ্য হয়ে স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় তাদের পুলিশে দেওয়া হয়েছে।”
