২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনিয়ম-দুর্নীতির অভিযোগে নওগাঁয় সদর হাসপাতাল ঘেরাও, কার্যালয়ে তালা

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে হাসপাতালে ‘সান্ধ্য রাউন্ড’ চালুর ঘোষণা দেন আবাসিক মেডিকেল অফিসার।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 06:51 PM

Updated : 26 Aug 2026, 11:48 AM

অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে নওগাঁ সদর হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। এ সময় তারা হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।

মঙ্গলবার দুপুর ১২টায় হাসপাতালে অবস্থান নিয়ে ঘেরাও কর্মসূচি পালন করেন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

এ সময় আন্দোলনকারীরা হাসপাতালের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়কের কক্ষ তালাবদ্ধ করে রাখার ঘোষণা দেন। তবে এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক জাহিদ নজরুল উপস্থিত ছিলেন না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানান, ৫ অগাস্টের পর হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়ন, কালোবাজারে ওষুধ বিক্রি, চিকিৎসকদের ঠিকমত দায়িত্ব পালন না করা, রোগীদের সঙ্গে দুর্ব্যবহার-হয়রানিসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও হাসপাতাল চত্বরে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য বন্ধে কর্তৃপক্ষকে বার বার বলা হয়েছে। 

এ ছাড়া হাসপাতালে ‘সান্ধ্য রাউন্ড’ চালু করার দাবি করেন শিক্ষার্থীরা।

কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এসব বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে হীরক জয়ন্তী পালনে ব্যস্ত। তাই বাধ্য হয়ে হাসপাতাল ঘেরাও করে তত্ত্বাবধায়কের কার্যালয়ে তালা দেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফজলে রাব্বী বলেন, “এই হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনাসহ নানা সমস্যায় জর্জরিত। বিশেষ করে রোগীরা সঠিক চিকিৎসা সেবা পান না। 

“কর্তব্যরত চিকিৎসকরা হাসপাতালে না এসে বিভিন্ন ক্লিনিকে রোগী দেখা নিয়ে ব্যস্ত থাকেন। চিকিৎসা আমাদের মৌলিক চাহিদার মধ্যে একটি। কিন্তু আমরা সাধারণ মানুষ তা কতটুকু পাচ্ছি?” 

তিনি বলেন, দুপুরে ঘেরাও কর্মসূচি চলাকালে হাসপাতাল থেকে সরকারি ওষুধ কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় একজনকে আটক করা হয়েছে। অথচ চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা ওষুধ পায় না। হাসপাতাল চত্বরে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যের কারণে রোগীদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। 

এসব বিষয় হাসপাতাল কর্তৃপক্ষকে বহুবার বলা হয়েছে। কিন্তু তারা সমস্যা নিরসনে কোনো উদ্যোগ না নেওয়ায় রোগীরা আরও ভোগান্তির শিকার হচ্ছেন। তাই বাধ্য হয়ে হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

হাসপাতালের বহির্বিভাগের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আবু জার গাফফার বলেন, “আমি মাত্র কয়েকদিন হলো যোগদান করেছি। এর মধ্যে হাসপাতালের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের জন্য কাজ শুরু করেছি। 

“আমি নিজেও সরাসরি তদারকি করছি, কোথাও কোনো রকম অনিয়ম পেলে আমাকে জানাবেন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব। কোনো রোগী সেবা থেকে বঞ্চিত হবে না, কেউ হাসপাতালের প্রেসক্রিপসন টিকিট ছাড়া ওষুধ নিতে পারবে না। হাসপাতালের সিন্ডিকেট ভেঙে দেওয়ার চেষ্টাও চলমান রয়েছে।”

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে হাসপাতালে জনবল সীমাবদ্ধ থাকা সত্ত্বেও ‘সান্ধ্য রাউন্ড’ চালুর ঘোষণা দেন এই আবাসিক মেডিকেল অফিসার।

এ বিষয়ে কথা বলতে হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক জাহিদ নজরুলের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।