মানিকগঞ্জে বিএনপির ‘বিদ্রোহীসহ’ নয়জনের মনোনয়ন বাতিল
তিনটি আসনে ২৭ প্রার্থীর মধ্যে ১৮ জনকে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মানিকগঞ্জের তিনটি আসনে ২৭ প্রার্থীর মধ্যে ১৮ জনকে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। বাকি নয়জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
রোববার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা এ ঘোষণা দেন।
মনোনয়নপত্র বাতিলের মধ্যে মানিকগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এস এম আব্দুল মান্নান, মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা, মানিকগঞ্জ-২ আসনে আবিদুর রহমান রোমান রয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা বলেন, বাতিল ঘোষিত প্রার্থীরা ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
মানিকগঞ্জ-১ আসনে জনতার দলের মো. শাহজাহান খান, স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী ব্যাপারীর কাগজপত্র সঠিক না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এই আসনে মনোনয়নপত্র বৈধ হয়েছে বিএনপির এস এ জিন্নাহ কবীর, জামায়াতে ইসলামীর ডা. আবু বকর সিদ্দিক, স্বতন্ত্র প্রার্থী মো. মোজাম্মেল হক তোজা, বাংলাদেশ মাইনোরিটি কমিউনিটির দিলিপ কুমার দাস, ইসলামী আন্দোলনের মো. খোরশেদ আলম, গণঅধিকার আন্দোলনের মো. ইলিয়াস হোসেন ও খেলাফত মজলিসের হেদায়েত উল্লাহর।
মানিকগঞ্জ-২ আসনে ঋণ খেলাপীর দায়ে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এস এম আব্দুল মান্নান এবং কাগজপত্র সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল হক মোল্লা, স্বতন্ত্র প্রার্থী আবিদুর রহমান খান রোমানের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
এখানে মনোনয়নপত্র বৈধ হয়েছে সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত, খেলাফত মজলিসের মো. সালাউদ্দিন ও ইসলামী আন্দোলনের মোহাম্মদ আলীর।
মানিকগঞ্জ-৩ আসনে কাগজপত্র সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. আতাউর রহমান আতা, এ বি পার্টির মো. রফিকুল ইসলাম জনি, স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন ও ড. রফিকুল ইসলাম খানের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
বিএনপির প্রার্থী আফরোজা খানম (রিতা), জামায়াতে ইসলামীর মাওলানা মুহাম্মাদ দেলোয়ার হোসাইন, জেপির আবুল বাশার বাদশা, বাংলাদেশ জাসদের মো. শাহজাহান আলী, স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. সাঈদ নূর, জাতীয় পার্টির মোয়াজ্জেম হোসেন খান মজলিশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শামসুদ্দিনের মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়েছে।
