২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল দুই স্কুলছাত্রের

পুলিশ জানায়, এ ঘটনায় শিক্ষার্থী ও উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ করেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2025, 04:28 PM

Updated : 26 Aug 2026, 11:51 AM

কিশোরগঞ্জ কটিয়াদী উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে কটিয়াদী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান।  

নিহতরা হলেন- উপজেলার মধ্যপাড়া গ্রামের ফারুক আহমেদের ছেলে আলী আকবর (১৪) এবং একই গ্রামের ফেরদৌস আহমেদের ছেলে জুনায়েদ (১২)। 

পুলিশ জানায়, সম্পর্কে তারা আপন চাচাতো ভাই। আলী আকবর মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণি এবং জুনায়েদ ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। 

ওসি তরিকুল বলেন, বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আলী আকবর ও জুনায়েদ একটি মোটরসাইকেলে করে রওয়ানা দিয়েছিল। স্কুলের সামান্য আগে ওই এলাকায় ঢাকাগামী উজান ভাটি পরিবহনের একটি বাস তাদেরকে চাপা দিয়ে চলে যায়। 

“এতে ঘটনাস্থলেই আলী আকবরের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় জুনায়েদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পরপরই তার মৃত্যু হয়।”

তিনি বলেন, এ ঘটনায় শিক্ষার্থী ও উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ করেন। 

এতে ওই সড়কে প্রায় তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।