২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি: সিলেটে কমেছে পাসের হার ও জিপিএ-৫

পাস করেছে ৬৮ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থী।

এসএসসি: সিলেটে কমেছে পাসের হার ও জিপিএ-৫
এসএসসিতে উত্তীর্ণ সিলেট সরকারি অগ্রগামী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উচ্ছ্বাস।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2025, 04:50 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

চলতি বছর সিলেট শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ দুটোই কমেছে। এ বছর পাস করেছে ৬৮ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থী।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৬১৪ জন। এর মধ্যে ছেলে এক হাজার ৭৯১ জন এবং মেয়ে এক হাজার ৮২৩ জন। 

বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে ফল ঘোষণা করেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী।

তিনি বলেন, এ বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের চারটি জেলা থেকে পরীক্ষায় বসেছিল এক লাখ দুই হাজার ২১৯ জন। এর মধ্যে পাস করেছে ৭০ হাজার ৯১ জন।

বিভাগ ভিত্তিক ফলে বিজ্ঞান বিভাগে ৭৭ দশমিক ৪৭ শতাংশ, মানবিকে ৬৪ দশমিক ৭১ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭৬ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে বলে জানান আনোয়ার হোসেন।

তিনি বলেন, ৬০ হাজার ৪১৫ মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪১ হাজার ৪০৭ জন এবং ৪১ হাজার ৮০৪ ছেলের মধ্যে ২৮ হাজার ৬৮৪ জন উত্তীর্ণ হয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া মেয়ে শিক্ষার্থীদের পাসের হার ৬৮ দশমিক ৫৪ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৬৮ দশমিক ৬২ শতাংশ।

তিনি বলেন, চলতি বছর সিলেটের সাতটি প্রতিষ্ঠান থেকে শতভাগ পাস করেছে। তবে শতভাগ ফেল প্রতিষ্ঠান নেই। গত বছর শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩১টি; যা ২০২৩ সালে ছিল ২৩টি।

গত বছর সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭৩ দশমিক ৩৫ শতাংশ; এর মধ্যে পাঁচ হাজার ৪৭১ জন জিপিএ-৫ পেয়েছিল বলে জানা গেছে।

পাসের হার ও জিপিএ কমার বিষয়ে আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “সিলেটের শিক্ষার্থীদের বিদেশ যাওয়ার প্রবণতা, অমনোযোগিতা এবং শিক্ষকদের সঠিক দিক নির্দেশনার অভাব খারাপ ফলের অন্যতম কারণ। 

“তবে গণিত ও ইংরেজি বিষয়ে অনেক শিক্ষার্থী উত্তীর্ণ হতে না পারায় পাসের হার কমেছে। বিশেষ করে মানবিক বিভাগে ফেল করা শিক্ষার্থীর হার বেশি। দুর্গম হাওরাঞ্চল ও গ্রামের অনেক প্রতিষ্ঠানে মানসম্পন্ন গণিত ও ইংরেজি শিক্ষকের অভাব রয়েছে।”

সবদিক বিবেচনায় সার্বিক ফল মোটামুটি সন্তোষজনক; তবে যেসব বিষয়ে দুর্বলতা রয়েছে, তা চিহ্নিত করে ভবিষ্যতে উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানান বোর্ড চেয়ারম্যান আনোয়ার হোসেন।

সারাদেশে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী, যা গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে কম।

স্কুলের গণ্ডি পেরোনো এই শিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন জিপিএ-৫ পেয়েছে, যা পাস করা মোট শিক্ষার্থীর ১০ দশমিক ৬৬ শতাংশ।

এই হিসাবে এবার পাসের হার কমেছে ১৪ দশমিক ৫৯ শতাংশ পয়েন্ট। আর পূর্ণাঙ্গ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৪৩ হাজার ৯৭ জন।