Published : 28 Dec 2025, 03:56 PM
ঘন কুয়াশার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে একটি কন্টেনারবাহী ট্রাকের পেছনে আরেকটি ধাক্কা দিলে চালক ও চালকের সহকারীর মৃত্যু হয়েছে।
রোববার ভোরে মহাসড়কের উপজেলা ঘোলপাশা ইউনিয়নের ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে ফাঁড়ির এসআই ফারুক হোসেন।
নিহতরা হলেন, ট্রাকের চালক আব্দুল জব্বার (৩১) ও চালকের সহকারী শাকিল (২২)।
এর মধ্যে জব্বার নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চর কমলা গ্রামের আবুল বাশারের ছেলে এবং শাকিল নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার থানার চর মহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ফারুক হোসেন বলেন, ভোরে ঘন কুয়াশার কারণে ছুফুয়া এলাকায় চট্টগ্রামমুখী কন্টেনারবাহী ট্রাককে পিছনে থাকা আরেকটি কন্টেনারবাহী ট্রাক সজোরে ধাক্কা দেয়।
এতে ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে মহাসড়কের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকটির চালকের মৃত্যু হয়।
গুরুতর আহত সহকারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসাদীন অবস্থায় তিনিও মারা যান।
চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন জানান, “গুরুতর আহত হেলপারকে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থা তার মৃত্যু হয়।”
এস আই ফারুক হোসেন বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ফাড়ি থানায় নিয়ে আসা হয়েছে। স্বজনদেরকে খবর দেওয়া হয়েছে আইনি প্রক্রিয়া শেষ হলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।