২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে রেডিমিক্স ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

রেডিমিক্সের ট্রাকটি পেছন থেকে ওভারটেক করার সময় অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে দুমড়ে-মুচড়ে যায়।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2025, 08:10 PM

Updated : 26 Aug 2026, 11:51 AM

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রেডিমিক্স ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।

বুধবার বেলা ১২টার দিকে পূর্বাচল উপশহরের ১১ নম্বর সেক্টরের ৩০০ ফুট সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পূর্বাচল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহাঙ্গীর আলম। 

নিহতরা হলেন- অটোরিকশাটির যাত্রী আরবী আক্তার (৩২) এবং ময়মনসিংহ সদর এলাকার আব্দুল করিমের ছেলে খাইরুল বাশার (৩৫)৷

আহত অটোরিকশার চালক ও অপর তিনজন যাত্রীকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, রাজধানীর কুড়িল থেকে পাঁচজন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি রূপগঞ্জের কাঞ্চন এলাকায় যাচ্ছিল। 

পথে লেংটার মাজার এলাকায় আকিজ গ্রুপের একটি রেডিমিক্সের ট্রাক পেছন থেকে ওভারটেক করার সময় অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

একইসঙ্গে রেডিমিক্স ট্রাকটি জব্দ করেছে এবং চালক ফখরুল ইসলাম ও হেলপার নাহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন পুলিশের কর্মকর্তা জাহাঙ্গীর আলম।