২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়: বরকতউল্লাহ বুলু

“কিছু রাজনৈতিক দল বিএনপির কি কি ভুল রয়েছে, তা নিয়ে মিথ্যা প্রচারে ব্যস্ত”, বলেন তিনি।

নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়: বরকতউল্লাহ বুলু
চাঁদপুরে নিজ দলের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2025, 11:18 PM

Updated : 26 Aug 2026, 11:35 AM

নির্বাচিত সরকার ছাড়া দেশের অবস্থার উন্নতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু।

তিনি বলেছেন, “দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আইনশৃঙ্খলা চরম অবনতি ঘটেছে। এমন পরিস্থিতিতে নির্বাচিত সরকার ছাড়া এই দেশের অবস্থার উন্নতি হবে না।”

মঙ্গলবার বিকালে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে দলটির জেলা কমিটির ১৫টি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর জেলার বিভিন্ন শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি পুনঃগঠন ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে সুসংগঠিত করতে এ সভার আয়োজন করা হয়।

তারেক রহমানের ৩১ দফার বাইরে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয় মন্তব্য করে বরকতউল্লাহ বুলু বলেন, “নির্বাচনের আগে এমন কিছু করা যাবে না যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। তবে কিছু রাজনৈতিক দল বিএনপির কি কি ভুল রয়েছে, তা নিয়ে মিথ্যা প্রচারে ব্যস্ত রয়েছে।

“দখলদারিত্ব ও চাঁদাবাজি করলে বিএনপিতে জায়গা নেই। জেলা বিএনপির ১৫টি শাখার মধ্যে মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন করা হবে। এ ব্যাপারে আপনাদের মতামত নেওয়া হবে। নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে।”

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপি নেতা বলেন, “১৭ বছর জেল, জুলুম, অন্যায়, নিপীড়ন, গুম, মামলা ও হাজার হাজার নেতাকর্মীর তাজা প্রাণ উৎসর্গের মধ্য দিয়ে এখন পর্যন্ত রাজপথ দখলে রয়েছে বিএনপির।

“৬৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। দুই হাজার নেতাকর্মী গুম হয়েছেন। হাজার হাজার মায়ের বুক বিনা অপরাধে খালি করেছে শেখ হাসিনা। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন।”

সভায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সলিম উল্ল্যাহ সেলিমের পরিচালনায় দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান বক্তব্য দেন।