‘মসজিদের মাইকে গুজব ছড়িয়ে’ পুলিশকে মারধর, আসামি ছিনতাই
হিজলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে বলে কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান।
যশোরের কেশবপুর উপজেলায় আসামি গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ হামলার শিকার হয়েছে।
বুধবার রাতে উপজেলার হিজলডাঙ্গা গ্রামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে বলে কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান।
তিনি বলেন, “তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলমকে রাত দেড়টার দিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। আটকের পর পুলিশ তাকে মেরে ফেলেছে- মসজিদের মাইকে এমন মিথ্যা ঘোষণা দিয়ে লোক জড়ো করা হয়। তখন ৫০-৬০ জন লোক হামলা করে তাকে ছিনিয়ে নেন। ওই লোকজনের মারপিটে তিনজন পুলিশ আহত হন।”
আহতদের ভেতর কনস্টেবল শহিদুল ইসলাম কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত অন্যরা হলেন- কেশবপুর থানার এসআই আসমত আলী (৫৪) ও কনস্টেবল হাবিবুল্লাহ (৩০)।
পরিদর্শক শহিদুল জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে আসামি জাহাঙ্গীর আলমকে এলাকার একটি ধান ক্ষেত থেকে গ্রেপ্তার করা হয়।
