Published : 24 May 2026, 04:59 PM
ঝালকাঠির নলছিটি উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার লাশ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে নাচনমহল ইউনিয়নের নাচনমহল গ্রামে এ ঘটনা ঘটে বলে নলছিটি থানার ওসি আরিফুল আলম জানিয়েছেন।
নিহত ২৮ বছর বয়সী আমিনুল ইসলাম বাবু নাচনমহল ইউনিয়নের কুরালিয়া এলাকার আলমগীর তালুকদারের ছেলে।
স্থানীয়রা বলেন, রাতে আমিনুল ইসলামকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ পাশের একটি ডোবায় ফেলে রেখে যায়। পরে দুপুরে মরদেহ দেখতে পেয়ে এলাকার লোকজন থানায় খবর দেয়।
ওসি আরিফুল বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।