২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জ-৫ আসনে মনোনয়ন দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ

এ সময় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি আটকা পড়ে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2025, 09:39 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর ও নিকলী) আসনে মনোনয়নের দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ করেছেন বিএনপি নেতা শেখ মজিবুর রহমান ইকবালের সমর্থকরা।  

বৃহস্পতিবার বিকালে বাজিতপুর উপজেলার সরারচর শিবনাথ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ইকবালের সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরারচর রেলগেইটে গিয়ে অবস্থান নেয়। 

এ সময় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি আটকা পড়ে। প্রায় ১০ মিনিট পর সমর্থকরা সরে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। তিনি উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবালকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানান। 

তিনি বলেন, “যতদিন শেখ মজিবুর রহমান ইকবালের প্রার্থিতা ঘোষণা না হবে, ততদিন আমরা রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। জনগণের দাবি উপেক্ষা করে কাউকে চাপিয়ে দেওয়া যাবে না।”

কিশোরগঞ্জ জিআরপি থানার ওসি মো. বাহাউদ্দিন ফারুকি বলেন, “আটকে রাখার কিছুক্ষণ পরই ট্রেনটি চলে যায়।” 

সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ২৩৮ প্রার্থীর নাম ঘোষণা করেন। তবে কিশোরগঞ্জ-৫ আসন স্থগিত রাখা হয়েছে।