২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শালিসে গৃহবধূকে বেত্রাঘাত-পাথর নিক্ষেপ: সাতক্ষীরা ও মাগুরায় বিচার দাবি

গ্রাম্য শালিসে গৃহবধূকে ৮২টি বেত্রাঘাত ও পাথর নিক্ষেপ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

শালিসে গৃহবধূকে বেত্রাঘাত-পাথর নিক্ষেপ: সাতক্ষীরা ও মাগুরায় বিচার দাবি

হবিগঞ্জের চুনারুঘাটে এক গৃহবধূকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন।

সাতক্ষীরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2023, 07:31 PM

Updated : 11 Apr 2023, 07:31 PM

হবিগঞ্জের চুনারুঘাটে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে এক গৃহবধূকে বেত্রাঘাত ও পাথর নিক্ষেপের ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। 

এ ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মঙ্গলবার সাতক্ষীরা ও মাগুড়ায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

সাতক্ষীরা সদরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ।

এতে সাতক্ষীরা নাগরিক কমিটি, বাংলাদেশ মহিলা পরিষদ, স্বদেশ, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Image

হবিগঞ্জের চুনারুঘাটে গৃহবধূকে নির্যাতনের বিচার দাবিতে মাগুরায় বাংলাদেশ মহিলা পরিষদের মানববন্ধন।

বক্তব্য দেন অধ্যক্ষ আবু আহমেদ, আব্দুল হামিদ, আশেক-ই-এলাহী, আবুল কালাম আজাদ, শরীফুল্লাহ কায়সার সুমন, জোসনা দত্ত ও সালেকা হক কেয়া। 

একই দাবিতে মাগুরা সদরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

মাগুরা জেলার ভারপ্রাপ্ত সভাপতি কাজী লাবনী জামানের সভাপতিত্বে সমাবেশে মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সদস্য লিপিকা দত্ত, জেলা সাধারণ সম্পাদক পাপিয়া খন্দকার, সিপিবির জেলা সাধারণ সম্পাদক এ টি এম আনিছুর রহমান, উদীচীর জেলা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী বক্তব্য দেন। 

বক্তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

এদিকে নির্যাতনের শিকার ওই নারী থানায় মামলা করেছেন। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

চুনারুঘাট থানার ওসি মো. রাশেদুল হক জানান, ভুক্তভোগী নারীর স্বামী ওমান প্রবাসী। এক অটোরিকশা চালকের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে সোমবার [৩ এপ্রিল] গ্রাম্য শালিসের মাধ্যমে ওই নারীকে ৮২টি বেত্রাঘাত করা হয়।

আরও পড়ুন-

হবিগঞ্জে গ্রাম্য শালিসে গৃহবধূকে বেত্রাঘাত: গ্রেপ্তার ৪