২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে সাড়ে ৪ মাস ধরে নিখোঁজ বৃদ্ধ, বড় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ

২০২৫ সালের ২২ নভেম্বর দুপুরে বাড়ি থেকে বের হয়ে খোরশেদ নিখোঁজ হন।

লক্ষ্মীপুরে সাড়ে ৪ মাস ধরে নিখোঁজ বৃদ্ধ, বড় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ
নিখোঁজ খোরশেদ আলম।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2026, 04:31 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

লক্ষ্মীপুরে প্রায় সাড়ে চার মাস ধরে এক বৃদ্ধ নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভাসুরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তার স্ত্রী। 

বুধবার এই অভিযোগ লক্ষ্মীপুর সদর মডেল থানায় এ অভিযোগ করা হয় বলে জানিয়েছেন এসআই ছাব্বীর হোসেন পাটোয়ারী। 

নিখোঁজ খোরশেদ আলম (৬২) সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের দক্ষিণ হামছাদী গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। গত ২৫ বছর ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছেন। 

২০২৫ সালের ২২ নভেম্বর দুপুরে বাড়ি থেকে বের হয়ে খোরশেদ নিখোঁজ হন। পরে তার স্ত্রী আকলিমা আক্তার শিল্পী চলতি বছরের ৫ ফেব্রুয়ারি সদর মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরপরও খোরশেদকে না পাওয়ায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। 

লিখিত অভিযোগে বলা হয়, ঘটনার দিন খোরশেদকে তার ভাই তোফায়েল আহম্মদ ঘর থেকে ডেকে নিয়ে বাড়ি থেকে বের হয়। এক সপ্তাহ পর তোফায়েল বাড়িতে ফিরলেও খোরশেদ বাড়িতে ফেরেনি।

স্বামীর কথা জিজ্ঞেস করলে তোফায়েল রুঢ় আচরণ করেন এবং তাকে পাগল আখ্যা দেয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও স্বামীকে না পেয়ে শিল্পী থানায় নিখোঁজ ডায়েরি পরে লিখিত অভিযোগ করেন। 

অভিযোগে এ নারী দাবি করেন, তোফায়েলের হোটেল ম্যানেজার রহিম, কাশেম, শিবলু বলাবলি করছে তার স্বামী খোরশেদকে মেরে ফেলা হয়েছে। এ ঘটনায় জিডি বা বাড়াবাড়ি করলে তার ছেলেমেয়েকেও তোফায়েল বাড়িতে থাকতে দেবে না এবং হত্যা করবে বলে হুমকি দিয়েছে। 

আকলিমা আক্তার শিল্পী বলেন, “খোরশেদকে সরিয়ে বা গুম করে তোফায়েল আমাদের মালিকানাধীন জমির গাছপালা কেটে বিক্রি করে দিচ্ছে। এতে বাধা দিতে গেলে চোখ খুলে ফেলার হুমকি দিয়েছে।”

এ ব্যাপারে জানতে তোফায়েল আহমেদের মোবাইলফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। 

এসআই ছাব্বীর হোসেন পাটোয়ারী বলেন, ঘটনাটির তদন্ত চলছে। নিখোঁজ খোরশেদকে খুঁজে পেতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।