২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৩ নির্মাণ শ্রমিক নিহত

কাজ শেষে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2025, 07:13 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন নির্মাণ শ্রমিকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কালিহাতী-জামালপুর মহাসড়কে উপজেলার বাংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান এলাঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. শরিফ। 

নিহতরা হলেন- কালিহাতী উপজেলার কোনাবাড়ী এলাকার জহের আলী (৪৫) ও বানিয়াফৈর এলাকার মুক্তার আলী (৪২) এবং একই গ্রামের সলিমুদ্দিনের ছেলে ফজল (৬০)।

আহতরা হলেন- বানিয়াফৈর এলাকার করিমের ছেলে উজ্জ্বল (৩০), ফজল (৫০), জয়নাল আবেদীনের ছেলে মফিজ (৪৫) এবং খলিলের ছেলে সোলাইমান (২২)। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

নির্মাণ শ্রমিক কালাম মিয়া বলেন, তারা উপজেলার ঘুনি সালেংকা এলাকায় ঢালাইয়ের কাজ শেষ করে পিকআপ ভ্যানে করে এলেঙ্গার দিকে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে পিকআপের ডানপাশে থাকা শ্রমিকরা ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। এ সময় সেখান দিয়ে সেনাবাহিনীর একটি গাড়ি যাওয়ার সময় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। 

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থা দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএস আলমগীর হোসেন।

তিনি বলেন, তিনজনের মৃতদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি শরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় কবলিত গাড়িগুলো পাওয়া যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।