নরসিংদীতে বিরোধের জেরে হামলা, গুলি করে কৃষককে হত্যা
পুলিশ জানায়, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নরসিংদীর রায়পুরা উপজেলায় দুপক্ষের বিরোধের জেরে গুলিতে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
রোববার সকাল ৯টার দিকে উপজেলার চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রায়পুরা থানার ওসি মো. মজিবুর রহমান।
নিহত মোমেন মিয়া (৬০) সদাগরকান্দি গ্রামের মৃত ধন মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, চাঁনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমেন সরকার এবং একই গ্রামের সাবেক ইউপি সদস্য আবুল কাশেমের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
রোববার সকালে আবুল কাশেম ও ফরিদের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল অস্ত্র নিয়ে চেয়ারম্যান সমর্থক মোমেন মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় গুলিতে মোমেন মিয়াসহ ছয়জন আহত হন।
পরে আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মোমেন মিয়াকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে হামলায় জড়িতরা এলাকায় নেই। তাদের মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
চাঁনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমেন সরকার অভিযোগ করেন, “পূর্ব পাড়ার কাশেম ও দক্ষিণ পাড়ার ফরিদের লোকজন একতরফাভাবে বাড়িতে ঢুকে গুলি করেছে। এলাকায় ঝগড়া হতে পারে- এমন আশঙ্কার কথা এমপি সাহেবকে জানিয়েছিলাম। এ কারণে তারা ক্ষিপ্ত হয়ে মোমেনকে গুলি করে হত্যা করেছে এবং পাঁচ থেকে সাতজনকে আহত করেছে।”
তিনি বলেন, “তারা অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের লোকজনকে সংঘর্ষে জড়ানোর জন্য ডাকাডাকি করেছে। তবে আমাদের পক্ষের লোকজন সংঘর্ষে না জড়িয়ে বাড়ি ছেড়ে দূরে অবস্থান করছিলেন।”
ওসি মো. মজিবুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুই পক্ষের পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
