২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়ির নর্দমায় কুড়িয়ে পাওয়া নবজাতক পেল আশ্রয়

জেলা সদরের পূর্ব শান্তিনগর এলাকায় রাজু বোর্ডিংয়ের পিছনের একটি নর্দমা থেকে নবজাতক শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করেন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2025, 10:38 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

খাগড়াছড়িতে নর্দমা থেকে উদ্ধার হওয়া নবজাতককে এক দম্পতির কাছে দত্তক দেওয়া হয়েছে।

জেলা শিশু কল্যাণ বোর্ডের সভা শেষে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দম্পতির কাছে নবজাতককে হস্তান্তর করা হয়। 

জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলামের সভাপতিত্বে জেলা শিশু কল্যাণ বোর্ডের সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

পরে জেলা শিশু কল্যাণ বোর্ড সদস্য ও সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা নাজমুল আহসান সাংবাদিকদের বলেন, ২০ অক্টোবর রাতে জেলা সদরের পূর্ব শান্তিনগর এলাকায় রাজু বোর্ডিংয়ের পিছনের একটি নর্দমা থেকে নবজাতক শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করেন। পরে তাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পরিচর্যায় রাখা হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তখন নবজাতককে দত্তক নেওয়ার জন্য ৩৩ দম্পতি আবেদন করেন। যাচাই-বাছাইয়ের পর পাঁচজনের আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়। তাদের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে চারজন উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রত্যেকের সঙ্গে আলোচনার পর একটি পরিবারের কাছে বাচ্চাটি বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওই দম্পতি চট্টগ্রামে বসবাস করেন। 

তারা শিশুটির আর্থিক নিরাপত্তার জন্য খাগড়াছড়ি সোনালী ব্যাংকে ১৫ লাখ টাকার এফডিআর হিসাব খোলেন। শিশুর ভবিষ্যৎ নিরাপত্তায় সব ধরনের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

সভায় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ ফারজানা আক্তার, সিভিল সার্জন মোহাম্মদ ছাবের, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহ, জেলা ও দায়রা জজ আদালতের পিপি মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালেক মিন্টু।