২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার বিলে গোসল করতে নেমে ২ ছাত্রীর মৃত্যু

নিহতরা গাবতলী উপজেলার মীরপুর গ্রামের বাসিন্দা এবং সম্পর্কে চাচাত বোন।

বগুড়ার বিলে গোসল করতে নেমে ২ ছাত্রীর মৃত্যু
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2024, 07:00 PM

Updated : 26 Aug 2026, 10:38 AM

বগুড়ার গাবতলী উপজেলায় বিলে গোসলে নেমে দুই ছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাগইল ইউনিয়নের কামারডাঙ্গা বিলে এ ঘটনা ঘটে বলে গাবতলী থানার ওসি আশিক ইকবাল জানান।

নিহতরা হল- কাগইল ইউনিয়নের মীরপুর গ্রামের মামুন মিয়ার মেয়ে মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী মরিয়ম আক্তার নেশা (১১) এবং তার চাচাত বোন একই এলাকার আবদুল্লাহের কাফী পল্টুর মেয়ে মোকামতলা কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী মোছা. প্রত্যাশা খাতুন (১০)।

শিশুদের প্রতিবেশী হযরত আলী বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে দুই চাচাত বোন বাড়ির পাশে বিলে গোসল করতে নামে। এক পর্যায়ে দুজনই ডুবে যায়। পথচারীরা বিল থেকে ভাসমান অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করে। 

গাবতলী থানার ওসি আশিক ইকবাল জানান, সাঁতার না জানার কারণে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। সুরতাহাল প্রতিবেদন করে পরিবারের কাছে দুটি মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।

এক সঙ্গে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা আহাজারি করছেন। তাদের সান্ত্বনা দিতে গিয়ে প্রতিবেশীরাও কান্নায় ভেঙে পড়েন।