‘এক নেতা, এক পদ’ নীতির বাস্তবায়ন চান কিশোরগঞ্জের বিএনপি নেতা
কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে সভাপতি পদপ্রার্থী রুহুল হোসাইন এ দাবি করেছেন।
গঠনতন্ত্রের ‘এক নেতা এক পদ’ নীতির বাস্তবায়ন চাইলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী রুহুল হোসাইন।
বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই দাবি জানান।
২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম একইসঙ্গে দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। তিনিও এই সম্মেলনে পুনরায় সভাপতি প্রার্থী হয়েছেন।
সম্মেলনের আগে রুহুল হোসাইন বলেন, “বিএনপির গঠনতন্ত্রের ১৫ ধারা অনুযায়ী, ‘এক নেতা, এক পদ’ নীতির কথা বলা হয়েছে। এটির বাস্তবায়ন না হওয়ায় নতুন নেতৃত্বের বিকাশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই দলীয় কর্মকাণ্ড গতিশীল করতে একাধিক পদে যারা আছেন, তাদের উচিত এই বিধানের প্রতি সম্মান দেখিয়ে এক পদ রেখে বাকিগুলো থেকে পদত্যাগ করা।”
নানা কারণে দলের শৃঙ্খলার অবনতি হয়েছে দাবি করে তিনি বলেন, “১৩টি উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ জেলা। বিএনপির রাজনীতিকে নিয়মতান্ত্রিক রাখতে জেলা সদর থেকে সার্বক্ষণিক সক্রিয় থাকবে এমন কারো সভাপতি হওয়া উচিত মনে করে আমি প্রার্থী হয়েছি।”
মতবিনিময় সভায় বিএনপি নেতা আবু নাসের মিন্টু হিলালী, অসীম সরকার বাঁধন উপস্থিত ছিলেন।
