Published : 28 Jun 2026, 05:57 PM
রংপুর নগরীতে এইচএসসি পরীক্ষার্থী নুজসাত আত্মহত্যার আগে প্রাইভেট শিক্ষক শাহরিয়ার আহমেদ সাকিনের সঙ্গে চারবার ফোনে কথা বলেছিলেন।
এ ছাড়া তিন মাসে তাদের মধ্যে ১১৮ বার ফোনে কথা বলার তথ্য পাওয়া গেছে বলে আদালতকে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।
রোববার দুপুরে রংপুরের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মুহাম্মদ রাশেদ হোসাইনের আদালতে আসামি সাকিনকে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
শুনানি শেষে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানিতে রফিকুল ইসলাম বলেন, আত্মহত্যার আগে তাদের মধ্যে চারবার ফোনালাপ হয়। এ ছাড়া ১৬ জুন ভোর ৩টা ৪৬ মিনিটে তারা টানা প্রায় ৫০ মিনিট কথা বলেন।
আসামিপক্ষের আইনজীবীরা শুনানিতে দাবি করেন, এসব যোগাযোগ শিক্ষক-শিক্ষার্থীর স্বাভাবিক কথোপকথন। এ যুক্তিতে তারা জামিন আবেদন করেন।
তবে আদালত আবেদন নাকচ করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাদীপক্ষের আইনজীবী আবু হায়দার মোহাম্মদ আব্দুল মবিন বলেন, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের দাবি করা হলেও গভীর রাতে তাদের মধ্যে ফোনালাপ ভিন্ন ইঙ্গিত দেয়।
রিমান্ডে জিজ্ঞাসাবাদে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নিহতের বাবা নজরুল ইসলাম আদালতের আদেশে সন্তোষ প্রকাশ করেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
পুলিশ জানায়, ২২ জুন বিকালে রংপুর নগরীর পায়রা চত্বর এলাকার ‘নর্থ ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’র ছাদ থেকে লাফিয়ে নুজসাত আত্মহত্যা করেন। এ ঘটনায় তার বাবা সাকিনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।
ঘটনার আগে নুজসাত তার মোবাইল ফোন ফ্যাক্টরি রিসেট করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। এতে সরাসরি তথ্য না মিললেও সিমের কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) বিশ্লেষণ করে ফোনে কথা বলার তথ্য পাওয়া গেছে।
আরও পড়ুন:
রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু, প্রাইভেট শিক্ষক গ্রেপ্তার