রংপুর মেডিকেলের শিক্ষার্থী আটকের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
রংপুর কেন্দ্রীয় কারাগারের সামনের সড়ক এক ঘণ্টা আটকে রাখেন শিক্ষার্থীরা।
হোটেলে এক তরুণীর মৃত্যুর ঘটনায় রংপুর মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে আটকের প্রতিবাদে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটি শিক্ষার্থীরা।
মঙ্গলবার রাত ৮টা থেকে এক ঘণ্টা রংপুর কেন্দ্রীয় কারাগারের সামনের সড়ক অবরোধ করেন তারা। আটক শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনের মুক্তির দাবিতে তারা স্লোগান দেন।
শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন।
ঘটনাস্থলে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মাসুদের রহমান বলেন, পুলিশ দ্রুত এই মামলার তদন্ত শেষ করবে। আটক শিক্ষার্থী তদন্তে দোষী প্রমাণিত না হলে তাকে বাদ দেওয়া হবে। দোষী হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ আশ্বাসের পর শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান।
