Published : 23 Jun 2026, 08:55 PM
রংপুর নগরে একটি হোটেলের ছাদ থেকে পড়ে এক কলেজছাত্রী মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে প্রাইভেট শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কলেজছাত্রীর বাবার করা মামলায় মঙ্গলবার প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালকে পাঠানো হয় বলে জানান রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।
গ্রেপ্তার শাহরিয়ার আহমেদ সাকিন রংপুর নগরীর ধাপ এলাকার ফোরকান আলীর ছেলে। তিনি রংপুর মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র।
এর আগে সোমবার নগরের সেন্ট্রাল রোড এলাকার নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে ওই শিক্ষার্থী মারা যান।
মৃত নুজসাত জাহান রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। তার বাড়ি নগরীর খলিফাপাড়া এলাকায়।
মঙ্গলবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সনাতন চক্রবর্তী বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। তদন্ত চলাকালে মেয়েটির বাবা কোতোয়ালি থানায় এজাহার দায়ের করেন।
তিনি বলেন, “মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে সাকিনকে হেফজতে নেই। ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানতে পারি, তার সঙ্গে মেয়েটির সম্পর্ক ছিল। বাবা অভিযোগ, সম্পর্কের জেরেই মেয়েটা আত্মহত্যা করেছে।”
ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের কল রেকর্ড, ডিজিটাল তথ্য ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
মামলা থেকে জানা গেছে, শাহরিয়ার রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী ও নুজসাতকে প্রাইভেট পড়াতেন। শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক থেকে তাদের মধ্যে পরিচয় ও যোগাযোগ ছিল বলে মামলায় বলা হয়েছে।
নুজসাত জাহান মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণে ঘটেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।