২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮০ হাত দূরত্বের দুই বাজারে দামের বিস্তর ফারাক!

সব ধরনের সবজির দাম কেজিপ্রতি অন্তত ২০ টাকা করে বেশি।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2023, 11:06 PM

Updated : 03 Nov 2023, 11:06 PM

উত্তরে রাজা বাজার, দক্ষিণে ফতেহ আলী বাজার। মাঝ দিয়ে গেছে রেল লাইন। বগুড়া শহরের প্রাণকেন্দ্রে দুই বাজারের দূরত্ব কমবেশি ৮০ হাত হলেও পণ্যের দামের বেলায় বিস্তর ফারাক!

অন্যান্য বাজার থাকলেও শহরের সিংহভাগ মানুষ মূলত ওই দুটি বাজার থেকেই নিত্যপণ্য কেনেন। কিন্তু অনেক আগে থেকেই বাজার দুটিতে পণ্যের দামের মধ্যে বেশ পার্থক্য।

শুক্রবার রাজা বাজারে হল্যান্ডার আলু ৫০ টাকা, পাকড়ি আলু ৬০ টাকা কেজি, বেগুন ৫০ টাকা, আদা ২০০ টাকা কেজি, দেশি পেঁয়াজ ১২০ ও ভারতীয় ১০০ টাকা কেজি, কাঁচামরিচ ১১০ টাকা ও ফুলকপি ৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়।

অপরদিকে, ফতেহ আলী বাজারে হল্যান্ড আলু ৬০ টাকা কেজি, পাকড়ি আলু ৭০, বেগুন ৬০ টাকা, আদা ২৪০ টাকা, দেশি পেঁয়াজ ১৪০ টাকা, ভারতীয় ১২০ টাকা, কাঁচামরিচ ১২০ টাকা ও ফুলকপি ৬০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

আব্দুর রহীম ও নরেশ নামে ফতেহ আলী বাজারের দুই বিক্রেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজা বাজারের আড়ত থেকে পণ্য তাদের দোকানে আনতে খরচ অনেক পড়ে যায় তাই বেশি দামে বিক্রি করতে হয়।

এদিকে, রাজা বাজারের মকবুল হোসেন, মিলন, সাহাদত নামে খুচরা কাঁচাপণ্য বিক্রেতারা জানান, দুই বাজারের খুচরা বিক্রেতারাই রাজা বাজারের আড়তের পণ্য বিক্রি করেন।

তারা জানান, রাজা বাজারের আড়ত থেকে ফতেহ আলী বাজারে পণ্য নিতে বড়জোর কেজি প্রতি এক টাকা খরচ হতে পারে।

কিন্তু ফতেহ আলী বাজারের ব্যবসায়ীরা নিত্যপণ্যে কেজিপ্রতি কেন ১০ থেকে ২০ টাকা বেশি নেন তা বোধ্যগম্য নয়।

৪০ গজ দূরত্বের আড়ত থেকে পণ্য পরিবহণে দাম কীভাবে এত বেশি হয়, এমন প্রশ্নের উত্তরে ফতেহ আলী বাজারের কয়েকজন বিক্রেতার দাবি, এ হিসাব অন্যরা বুঝবে না।

রাজা বাজারে আসা বিমান সাহা নামে এক ক্রেতার সঙ্গে কথা হলে তিনি জানান, এখানে সব সবজির দাম ফতেহ আলী বাজারের চেয়ে কম।

ফতেহ আলী বাজারে কোনো কোনো পণ্য কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা বা ৩০ টাকা বেশি দরে কিনতে হয় দাবি করে বিমান বলেন, “ওটা বড়লোকের বাজার। বিভিন্নভাবে অনেক উপার্জন যারা করেন তারাই ওখানে যান।”

ফতেহ আলী বাজারে রাব্বি নামের এক ক্রেতা বলেন, “এখানে দাম বেশি জানি। মাছ-মাংস, মুরগি এই বাজারে পাওয়া যায়। ওসব হাতের কাছে পেয়ে কষ্ট করে অনেকেই ওই বাজারে যান না। সেই সুযোগই নেন এখানকার খুচরা ব্যবসায়ীরা।”