২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আগে নিজেদের চেহারা দেখেন’, জামায়াতকে ইঙ্গিত করে আলাল

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2025, 07:56 PM

Updated : 26 Aug 2026, 11:41 AM

জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দলটির শেকড় পাকিস্তানে।  

তিনি বলেছেন, “একটি দল আছে তাদের মূল শেকড় পাকিস্তানে। সুযোগ পেলেই তারা ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান দখল করে। আর বিএনপির সমালোচনা করে। তাদের বলি, আগে নিজেদের চেহারার দিকে তাকান।” 

বুধবার বিকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। 

এ সময় আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি নেতা বলেন, “আওয়ামী লীগ নেতারা দেশের টাকা বিদেশে পাচার ও লুটপাট এবং মানুষ হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে। তারা এখনো ওই সব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেননি। 

“অথচ তারাই আবার বিদেশে বসে থেকে দেশে হরতাল ডেকেছে। বেশি বাড়াবাড়ি করলে তার ফল ভালো হবে না। মানুষ তার সমুচিত জবাব দেবে।”

আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ শাহজাদপুর শাখার উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা এম এ মুহিত। বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহি, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, খুলনা মহানগর শাখার সভাপতি জহির উদ্দিন বাপ্পী, বগুড়া জেলা শাখার সভাপতি সাজ্জাদ সিরাজ জয়, শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সংগঠনের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ।