ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ, কেন্দ্র দখলের শঙ্কা জুঁই চাকমার
রাঙামাটি শহরের কোর্ট বিল্ডিং এলাকায় নির্বাচনি কার্যালয়ে ‘মিট দ্য প্রেস’-এ তিনি এমন অভিযোগ করেন।
নির্বাচনি ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ করে ভোটের দিন কেন্দ্র দখলের আশঙ্কার কথা বলেছেন রাঙামাটি আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুঁই চাকমা।
তিনি অভিযোগ করেছেন, “আমি যখন নির্বাচনি প্রচারে বিভিন্ন উপজেলায় গিয়েছি, তখন দেখেছি একটি রাজনৈতিক দলের প্রার্থী-সমর্থকরা আচরণবিধি মানছেন না, এর দায় রাঙামাটি আসনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের। ভোটের মাঠে যারা আচরণবিধি লঙ্ঘন করছেন আর ভোটকেন্দ্রে গিয়ে তারা কী করবেন তারাই ভাল জানেন।”
সোমবার সন্ধ্যায় জেলা শহরের কোর্ট বিল্ডিং এলাকায় নির্বাচনি কার্যালয়ে ‘মিট দ্য প্রেস’-এ তিনি এমন অভিযোগ করেন।
এ সময় প্রার্থীর সঙ্গে নির্বাচনি মুখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব পলাশ চাকমা, যুগ্ম সদস্যসচিব অপু বড়ুয়া, সদস্য প্রকাশ চৌধুরী বড়ুয়া, নিখিল চাকমা, অরুনজিতা চাকমা উপস্থিত ছিলেন।
জুঁই চাকমা বলেন, “এবার রাঙামাটি আসনে ছয়টি জাতীয় রাজনৈতিক দল, একজন স্বতন্ত্র প্রার্থী প্রত্যক্ষভাবে এবং দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে। দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো। এই দুইটি আঞ্চলিক গোষ্ঠীর নেতৃবৃন্দের কাছে আমার আহ্বান থাকবে, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের পর দেশে গণতান্ত্রিক পন্থায় ভোটাররা যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। আপনাদের হাতে সুযোগ এসেছে জনপ্রিয়তা যাচাই করার।”
তিনি বলেন, “আমি জানতে পেরেছি, সুবলং লঞ্চঘাটের যাত্রী ছাউনি থেকে এবং জীবতলী ইউনিয়নের হাজার মানিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, হাজাছড়ি হেডম্যানপাড়া যাত্রী ছাউনির সামনে থেকে আমার প্রচার ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। বিষয়টি অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক ঘটনা।”
এ সময় তিনি আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর কাছে তিনটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হল- প্রতিট কেন্দ্রের ভোটের ফলাফল যেন প্রার্থীদের সরবরাহ করা হয়; ভোটকেন্দ্র দখল ও পেশীশক্তি প্রয়োগের অভিযোগ পেলে তৎক্ষণিক যেন ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করা হয় এবং বিনা বাধায় যেন ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। ভোট প্রদানে বাধা, ভোটকেন্দ্র দখল ও পেশীশক্তি প্রয়োগের অভিযোগে যেকোনো অপরাধীকে যেন আইনের আওতায় আনা হয়।
