২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতের তীব্রতায় বিপাকে নীলফামারীর নিম্ন আয়ের মানুষ

চলমান মৃদু শৈত্যপ্রবাহ আরও দুই এক দিন থাকতে পারে বলে জানিয়েছেন সৈয়দপুর আবহাওয়া দপ্তরের কর্মকর্তা।

শীতের তীব্রতায় বিপাকে নীলফামারীর নিম্ন আয়ের মানুষ

তীব্র শীতে আগুন জ্বালিয়ে উষ্ণতা খুঁজছেন সাধারণ মানুষ

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2023, 09:44 PM

Updated : 05 Jan 2023, 09:44 PM

ঘন কুয়াশার সাথে হিমশীতল বাতাসে মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তরের জেলা নীলফামারীতে। দিনের অর্ধেক সময় দেখা মিলছে না সূর্যের। এমন বিরূপ আবহাওয়ায় নাকাল জনজীবন। চরম বিপাকে পড়েছেন গরিব, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। 

বৃহস্পতিবার জেলার সৈয়দপুরে সর্বনিম্ন নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া দপ্তর। 

সৈয়দপুর আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত আবহাওয়া কর্মকর্তা মো. লোকমান হাকিম জানান, চলমান মৃদু শৈত্যপ্রবাহ আরও দুই এক দিন থাকতে পারে। বৃহস্পতিবার জেলায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৮ কিলোমিটার। 

এ মাসের মাঝামাঝি বা শেষাংশে আরেকটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। 

এদিকে শীতের তীব্রতায় জবুথবু জেলায় বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। জেলা শহরের মরালসংগ এলাকার সিদ্দিকুল ইসলাম (৪৫) জীবিকা নির্বাহ করেন রিকশা চালিয়ে। 

কনকনে শীতে টান পড়েছে তার জীবিকায়। প্রতিদিন পরিবারের খরচ মেটাতে তার প্রয়োজন অন্তত সাড়ে চারশ টাকা। সেখানে বুধবার আয় করেছেন ৩০০ টাকা। আর বৃহস্পতিবার দুপুর দেড়টা পর্যন্ত আয় মাত্র ১২০ টাকা। 

তিনি বলেন, “বাতাস আর কনকনে ঠাণ্ডাত হাত-পাও অবশ হয়। বেলা ১০টার আগোত রিকশা ধরি হাইরোত আসির পারো না। কিছুক্ষণ পর বিকাল হইলে আবার ঠাণ্ডা পড়ে। নিজেও ঠাণ্ডা সহ্য করির পারেছ না, বাইরোত লোকসমাগম কম থাকায় কামাইও কম হচে। এভাবে সংসার চালাইতে কষ্ট হছে মোর।” 

শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন কৃষি শ্রমিকরা। শীতের সঙ্গে হিমেল হাওয়ায় টিকতে পারছে না ক্ষেত খামারে।  

Image

মৃদু শৈত্যপ্রবাহে সড়ক ঢাকা পড়েছে ঘন কুয়াশায়

জেলার পলাশবাড়ি ইউনিয়নের দোগাছী গ্রামের মুকুল রায় (৪০) বলেন, “এই শীতোত ক্ষেতোত কাম করা যাছে না। কামাই না থাকায় হামার সংসারোত টান ধরিছে।” 

এদিকে শীতের তীব্রতায় জেলায় বাড়ছে শীতজনিত রোগবালাই। বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল সংশ্লিষ্টদের। 

বৃহস্পতিবার নীলফামারী জেনালের হাসপাতালে ভর্তি ছিলেন ২১৫ জন রোগী। এর মধ্যে ১০ শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি ছিল ৩৬ জন। 

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখি বলেন, “শীতের প্রকোপ বাড়ার সঙ্গে হাসপাতালের রোগির সংখ্যা বেড়েছে। অন্যান্য সময়ের চেয়ে দ্বিগুণ রোগীকে প্রতিদিন আউটডোর এবং ইনডোরে চিকিৎসা প্রদান করা হচ্ছে।” 

ওই হাসপাতালের শিশু বিভাগের রেজিস্ট্রার ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল আউয়াল বলেন, “শীতের প্রকোপ বাড়ার সঙ্গে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ে হাসপাতালে। সর্দি, কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয় শিশু ও বয়স্করা। 

“এসময়ে গরম কাপড় পরিধান, বাসী ও ঠাণ্ডা খাবার না খাওয়া, রোদ না থাকলে শিশুদের ঘরের বাইরে বের না করা এবং কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ প্রদান করা হচ্ছে।” 

নীলফামারী জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা মো. আব্দুল করিম বলেন, জেলায় সরকারিভাবে বিতরণের জন্য ৬০ ইউনিয়ন ও চার পৌরসভায় মোট ৩১ হাজার ৫০০ কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। যা বিতরণের কাজ চলছে। 

আরও বরাদ্দ চাওয়া হয়েছে, বরাদ্দ পেলে তা বিতরণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।