২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় আদালত এলাকায় ২ খুন: মামলা করতে রাজি না পরিবার

পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এসআই আবদুল হাই।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2025, 08:34 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

খুলনায় আদালতের প্রধান ফটকের সামনের সড়কে গুলি করে ও কুপিয়ে দুই যুবককে হত্যার ঘটনার তিন দিনেও কোনো মামলা হয়নি।

নিহতদের পরিবার মামলা করতে রাজি হয়নি, তাই বুধবার বেলা ৩টা পর্যন্ত থানায় কোনো মামলা করা হয়নি বলে জানিয়েছেন খুলনা সদর থানার এসআই আবদুল হাই।

মামলা না করার বিষয়ে নিহত হাসিব হাওলাদারের ভাই সুমন হাওলাদার বলেন, “কারা হত্যা করেছে, আমরা জানি না। এর ওপর আমরা আতঙ্কে আছি। মারা যাওয়া বড় ভাই ও আমার সন্তানসহ পরিবারের সবার নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় আছি “

সুমন আরও বলেন, “পরিবারে এখন একমাত্র ছেলে আমি। আমাদের ওপর যদি আক্রমণ আসে? তাই আমরা কোনো মামলায় যেতে চাই না। ভাইয়ের হত্যার বিচার আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি।”

এর আগে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে আদালতে হাজিরা দিতে গিয়ে নিহত হন হাসিব হাওলাদার (৪১) ও ফজলে রাব্বি রাজন (৩৭)। হামলাকারীরা তাদের গুলি করার পর কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। 

হাসিব নগরের নতুনবাজার ওয়াপদা বেড়িবাঁধের মিনারা গলি ও রাব্বি রূপসা উপজেলার পূর্ব রূপসার বাগমারা এলাকার বাসিন্দা।

পুলিশের তথ্য মতে, হাসিব ও ফজলে রাব্বির বিরুদ্ধে ছয়টি করে মামলা আছে। তাঁরা ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশের সহযোগী ছিলেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরেক শীর্ষ সন্ত্রাসী রনি চৌধুরী ওরফে ‘গ্রেনেড বাবু’র সহযোগীরা এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে পুলিশের ধারণা।

এছাড়া, নিহতদের পরিবার মামলায় রাজি না হওয়ায় পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এসআই আবদুল হাই।

তিনি বলেন, “ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। জড়িত কয়েকজনকে শনাক্ত করা গেছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

আটক একজনকে ’ফাঁসানো’ হয়েছে দাবিতে সংবাদ সম্মেলন 

এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার দুপুরে ৫৪ ধারায় রিপন শেখকে (৩৩) আটক দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এ বিষয়ে আবদুল হাই বলেন, “রিপনকে থানায় নিয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরও কোনো তথ্য পাওয়া যায়নি। মামলায় তার সম্পৃক্ততা পেলে গ্রেপ্তার দেখানো হবে।”

তবে রিপন শেখকে ‘ফাঁসিয়ে দিতে’ আটক করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। 

এ নিয়ে বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন রিপনের স্ত্রী আঁখি। 

বক্তব্যে তিনি বলেন, “রিপন মাছ ব্যবসায়ী, অহেতুক হয়রানির জন্য তাকে হত্যাকাণ্ডের সন্দেহে আটক করা হয়েছে। অথচ ঘটনার দিন তিনি ফকিরহাটের ফলতিতা বাজারে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাছ কিনছিলেন-এ বিষয়ে ভিডিও ও চালান বই আছে।“

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযোগ, রিপন বিলুপ্ত হওয়া ‘ইহুদি বাহিনী’র শীর্ষ সদস্যদের একজন ছিলেন। এর প্রধান ক্রসফায়ারে নিহত হওয়ার পর ২০০৩ সালে বাহিনীটি বিলুপ্ত হয়। তবে তখনকার সদস্যরা অন্য গ্রুপে যুক্ত হয়ে অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছেন।

এ অভিযোগ প্রসঙ্গে আঁখির দাবি, “রিপন কোনো গ্যাং, সন্ত্রাসী গ্রুপ বা মাদক চক্রের সঙ্গে কখনো যুক্ত ছিলেন না। কথিত বাহিনীটি ২০০৩ সালে বিলুপ্ত হয়েছে। এখন রিপনের বয়স ৩৩। ২২ বছর আগে তার বয়স ছিল মাত্র ১১ বছর। এ ধরনের ‘হাস্যকর গল্প’ এলাকায় অস্বস্তি তৈরি করেছে।”

এ বিষয়ে খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় বলেন, “পুলিশ কয়েকটি বিষয়ের ওপর জোর দিয়ে হত্যাকাণ্ডগুলো তদন্ত করছে। তার দাবি, নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, সেজন্য সতর্ক হয়ে কাজ করছে পুলিশ। এতে তদন্ত শেষ করতে সময় বেশি লাগছে।”

আগের সংবাদ

খুলনায় আদালত এলাকায় গুলি করে ও কুপিয়ে দুজনকে হত্যা