১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খুলনায় আদালত এলাকায় গুলি করে ও কুপিয়ে দুজনকে হত্যা

হাজিরা শেষে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করতে দাঁড়িয়েছিলেন দুজন। এ সময় চার থেকে পাঁচজন হামলাকারী হেঁটে এসে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2025, 03:36 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

হাজিরা দিতে খুলনার আদালতে আসা দুই ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। 

রোববার বেলা সোয়া ১২টার দিকে খুলনা জেলা জজ আদালতের সামনের সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম। 

নিহতরা হলেন- নগরের নতুন বাজার এলাকার ফজলে রাব্বি রাজন এবং মান্নান হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার। তারা সোনাডাঙ্গা থানায় একটি অস্ত্র মামলার আসামি ছিলেন।

নিহত হাসিবের ভাই শাকিল হাওলাদার বলেন, কিছুদিন আগে তার ভাইয়ের নামে একটা অস্ত্র মামলা হয়। সেই মামলায় হাজিরা দিতে রোববার আদালতে এসেছিলেন তার ভাই।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি শফিকুল বলেন, জামিনে থাকা দুই আসামি হাজিরা শেষে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করতে দাঁড়িয়েছিলেন। এ সময় চার থেকে পাঁচজন হামলাকারী হেঁটে এসে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

গুলিবিদ্ধ হয়ে তারা দুজন মাটিতে পড়ে গেলে হামলাকারীরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদের জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

গুরুতর আহত অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।